ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় নিহত ৮ বৌদ্ধ ভিক্ষু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষুদের ওপর একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত মুকদাহান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু প্রায় ২৬০ কিলোমিটার দূরের উবন রাচাথানি প্রদেশের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

মুকদাহানের গভর্নর ওয়ারায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা গুরুতর।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা ‘রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশন’-এর প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের একপাশ দিয়ে সারিবদ্ধভাবে হাঁটছিলেন। এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

পুলিশ জানিয়েছে, পিকআপটির ১১ বছর বয়সী চালককে হেফাজতে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ভিক্ষুদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার আগে পিকআপটি সড়কে চলার সময় অস্বাভাবিকভাবে দুলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা ছেড়ে ভিক্ষুদের ওপর আছড়ে পড়ে।

সূত্র: এপি