ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে প্রায় ২৬০০, এখনও নিখোঁজ হাজারো মানুষ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় গত ২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৫ জনে। এছাড়া হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। অবশ্য প্রাণহানির সংখ্যা অনেক বেশি হলেও নিহতদের গণকবর দেয়ার কোনো পরিকল্পনা করছে না দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ভূমিকম্পে নিহতদের গণকবর দেয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার (২ জুলাই) সংবাদ সম্মেলনে রদ্রিগেজ জানান, ২৪ জুনের ওই দুর্যোগে এখন পর্যন্ত ১২ হাজার ৪০০ জন আহত হয়েছেন। এছাড়া হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, সর্বশেষ প্রকাশিত হতাহতের সংখ্যা অত্যন্ত সতর্ক যাচাই-বাছাইয়ের পর নির্ধারণ করা হয়েছে। তথ্য প্রকাশের আগে কর্তৃপক্ষ বিভিন্ন উৎসের তথ্য মিলিয়ে দেখেছে। রদ্রিগেজ জানান, শুরুতে মৃত হিসেবে তালিকাভুক্ত পাঁচজন পরে জীবিত পাওয়া গেছেন। ভেনেজুয়েলার আঙুলের ছাপভিত্তিক জ্বালানি ব্যবস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ তথ্য জানা যায়।

এর আগে গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনার পর উদ্ধার অভিযান এখনও পুরোদমে চলছে। ৩০টির বেশি দেশের হাজারো উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। তবে সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজে পাওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে।

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চলছে। এছাড়া বিশ্বব্যাংক এবং আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে। তারা পুনর্গঠন কার্যক্রমে অনুদান ও ঋণ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে।

তার তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অনুদান গ্রহণের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংক (সিএএফ)-এ একটি বিশেষ হিসাব খোলা হয়েছে।

রদ্রিগেজ আরও জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবস্থা মূল্যায়ন এবং অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তার জন্য ইসরায়েলের একটি বিশেষজ্ঞ দল ভেনেজুয়েলায় পৌঁছেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক ডিজিটাল বিশ্লেষণ (রাডিডা) অনুযায়ী, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি ডলার।

সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের বসতবাড়ি হারিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।