তুরস্কের ‘সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন যুক্তিতে প্রায় দুই হাজার সমকামী যাত্রী এবং ব্রডওয়ে তারকা পাত্তি লুপোনকে বহনকারী একটি মার্কিন প্রমোদতরিকে দেশটির বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়নি। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেসের ‘স্কারলেট লেডি’ নামের প্রমোদতরিটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাটলান্টিস ইভেন্টস’ এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিশেষ ভ্রমণের জন্য ভাড়া নিয়েছিল। রোববার (৫ জুলাই) এথেন্স থেকে ১০ দিনের এই যাত্রা শুরু হয়, যা ‘অল-গে ভয়েজ’ বা শুধুমাত্র সমকামী যাত্রীদের সমুদ্রভ্রমণ হিসেবে পরিচিত। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (৬ জুলাই) জাহাজটির তুরস্কের কুসাদাসি এবং পরে ইস্তাম্বুল বন্দরে পৌঁছানোর কথা ছিল।
তবে শেষ মুহূর্তে তুরস্ক কর্তৃপক্ষ সেই পরিকল্পনা বাতিল করে। এক বিবৃতিতে তারা জানায়, প্রমোদতরিটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছে, যাদের কার্যক্রম দেশের সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তারা জানায়, এ ধরনের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তুরস্কে প্রবেশের সুযোগ নেই।
অথচ এর আগে একই প্রমোদতরি কোনো জটিলতা ছাড়াই একাধিকবার তুরস্কের বিভিন্ন বন্দরে নোঙর করেছে। অ্যাটলান্টিস ইভেন্টস জানিয়েছে, গত ২৫ বছরে তারা ইস্তাম্বুল ও কুসাদাসিতে মোট ১৩ বার এই ধরনের ভ্রমণের আয়োজন করেছে। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিচ ক্যাম্পবেল মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, এই সিদ্ধান্তে তিনি বিস্মিত। কোম্পানির ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম শুধু যাত্রীদের পরিচয়ের কারণে তাদের কোনো বন্দরে প্রবেশে বাধা দেওয়া হলো।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাম্পবেল বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত বিস্ময়কর। তার মতে, কোনো দেশ যদি পর্যটকদের পরিচয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কাকে প্রবেশ করতে দেবে আর কাকে দেবে না, তাহলে তা গভীর উদ্বেগের বিষয়।
প্রমোদতরিতে পারফর্ম করার কথা ছিল ৭৭ বছর বয়সী ব্রডওয়ে অভিনেতা পাত্তি লুপোনের। তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, আগামী সপ্তাহে যে অ্যাটলান্টিস ক্রুজে তিনি অংশ নিচ্ছেন, সেটিকে তুরস্কে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুধু জাহাজে কারা ভ্রমণ করছেন, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেও জানান, সফর বাতিল হচ্ছে না; জাহাজটি অন্য বন্দরের উদ্দেশে যাত্রা করবে। একই সঙ্গে তিনি লিখেছেন, এই ক্রুজে থাকা অসাধারণ সব যাত্রীর জন্য তিনি পারফর্ম করতে মুখিয়ে আছেন এবং তারা এর চেয়ে ভালো আচরণের দাবিদার।
তুরস্কের সিদ্ধান্তের পর আয়োজকরা প্রমোদতরিটির ভ্রমণসূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, তুরস্কের পরিবর্তে জাহাজটি এখন মিশরের কায়রো এবং গ্রিসের ক্রিট দ্বীপে যাবে। তবে এ বিষয়ে তুরস্ক সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন তুরস্কে এলজিবিটিকিউ অধিকার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা অব্যাহত রয়েছে। দেশটিতে সমকামিতা আইনত নিষিদ্ধ নয়। তবে ২০১৫ সাল থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইস্তাম্বুলে ‘প্রাইড মার্চ’ আয়োজন নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন সময় এলজিবিটিকিউ সম্প্রদায় সম্পর্কে কঠোর অবস্থান ও বক্তব্য দিয়ে আসছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন