চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানগামী ভারতীয় নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে ভারত সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরান সফর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দের যত দ্রুত সম্ভব উপলভ্য বাণিজ্যিক ফ্লাইটে দেশটি সাময়িকভাবে ত্যাগ করার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে এই সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২০ জুলাই) টানা নবম দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার খবর পাওয়া গেছে। প্রায় এক মাস আগে হওয়া সাময়িক যুদ্ধবিরতি কার্যকর না থাকায় দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
অন্যদিকে, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। কৌশলগত এই নৌপথকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে পড়তে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কাও জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরান-সংশ্লিষ্ট ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ভারত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন