ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার ওয়াশিংটনে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি বলেন, এর আগে প্রকাশিত হিসাবের তুলনায় যুদ্ধের ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। নতুন হিসাবের মধ্যে ইতোমধ্যে পরিচালিত সামরিক অভিযানের খরচের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে পেন্টাগন কীভাবে ৩৭.৫ বিলিয়ন ডলারের এই হিসাব নির্ধারণ করেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
শুনানিতে হেগসেথ আরও সতর্ক করে বলেন, জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হতে পারে।
চলতি মাসের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম কংগ্রেসের সদস্যদের প্রশ্নের মুখোমুখি হন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
এদিকে, আগামী ছয় মাস পর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ইস্যু হয়ে উঠেছে। বিরোধী ডেমোক্র্যাটরা যুদ্ধের ব্যয় এবং মূল্যস্ফীতির প্রভাবকে সামনে এনে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষই প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইরান যুদ্ধ সংশ্লিষ্ট ঘটনায় ১৭ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর আরও একজন নিখোঁজ সেনার সন্ধান চলছে।
যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪৩০ মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের দাবি, জুলাইয়ের শুরু থেকে আহত হওয়া ১০০ সেনার মধ্যে ৯৬ শতাংশ ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনা, সেতু, খার্গ দ্বীপের তেল টার্মিনাল এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকি দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, ওই পার্বত্য স্থাপনায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় আরও বাড়বে এবং এর প্রভাব দেশটির অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে।
সূত্র: রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন