ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাউথ আফ্রিকায় ট্রাক ও স্কুলবাসের সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:০১ পিএম
সাউথ আফ্রিকায় ট্রাক ও স্কুল মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

সাউথ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ট্রাক ও স্কুল মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন শিশু নিহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ স্কুলশিক্ষার্থী মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ওভারটেক করার সময় সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে।

গাউতেং প্রদেশের শিক্ষামন্ত্রী মাটোমে চিলোয়ানে বলেন, স্কুলবাসের চালকও বেপরোয়া গাড়ি চালিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হবে।

এই হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবার ও স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক সহায়তা দেবে। আমাদের শিশুরাই জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। সড়ক আইন মেনে চলা থেকে শুরু করে নিরাপদ পরিবহন নিশ্চিত করা সবকিছুতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।