ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সমুদ্রতীরে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন বিমানের ৫৫ আরোহী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সমুদ্রতীরে জরুরি অবতরণ করেছে যাত্রীবাহী একটি বিমান। এ ঘটনায় ৫৫ আরোহীর সবাই প্রাণে রক্ষা পাওয়ায়  প্রশংসায় ভাসছেন পাইলট।  

বিমান সংস্থা স্টারস্কাই অ্যাভিয়েশন জানিয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মোগাদিসু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফকার-৫০ মডেলের ওই বিমানে কারিগরি সমস্যা দেখা দেয়। এরপর পাইলট বিমানটি ফিরিয়ে আনার অনুরোধ করেন।

সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানায়, বিমানটি রানওয়েতে অবতরণ করলেও থামতে পারেনি। রানওয়ে অতিক্রম করে তা পাশের সমুদ্রতীরে গিয়ে থেমে যায়।

সিএএর পরিচালক আহমেদ মাকালিন হাসান বলেন, বিমানটি অল্প পানিতে থেমে যায়। তবে ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে সমুদ্রতীর দিয়ে হেঁটে নিরাপদে সরে যাচ্ছেন। কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

আফ্রিকান ইউনিয়নের সোমালিয়া মিশন জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সোমালিয়ার পরিবহনমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্টারস্কাই অ্যাভিয়েশনের মুখপাত্র হাসান মোহাম্মদ আদেন বলেন, ‘আমরা স্বস্তি নিয়ে জানাচ্ছি, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন। কী কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’