রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চলমান শান্তি সংলাপ পণ্ড করার চেষ্টায় আছে মস্কো।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সব ড্রোন হামলা করার আগেই আটকে দিতে পেরেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে ল্যাভরভ বলেছেন, এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।
ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বিবৃতির বক্তব্যকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, ‘এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।’
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের হামলার অভিযোগ নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হামলা চালানোর জন্য ‘সঠিক সময় নয়’। বাসভবনে হামলার খবর পুতিন নিজেই ফোনালাপে তাঁকে জানিয়েছেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির প্রতিনিধি দলের সঙ্গে নিজের অবকাশযাপনকেন্দ্রে বৈঠক করেন ট্রাম্প।
বৈঠকের আগে পুতিনের সঙ্গে কথা হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা জানেন, কে আমাকে এই (হামলার) খবর দিয়েছেন? প্রেসিডেন্ট পুতিন। আজ সকালে তিনি আমাকে বলেছেন, তার ওপর হামলা হয়েছে। এটা ভালো নয়।’
ইউক্রেন হামলার কথা অস্বীকার করলেও কিয়েভের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এটা খুবই সংবেদনশীল একটা সময়। এটা সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হলে তার জবাবে আক্রমণাত্মক হওয়া এক কথা আর তার বাড়িতে হামলা করা আরেক কথা। এসবের কোনোটাই করার এখন সঠিক সময় নয়।’

