ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু বা নিখোঁজের আশঙ্কা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৪৭ পিএম
প্রতীকী ছবি।

লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা উল্টে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু বা নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। 

বিবৃতিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুয়ারা উপকূলীয় শহরে নৌকাটি ডুবে যায়। এতে কমপক্ষে ৫৫ যাত্রী ছিলেন। দুই জনকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়ার কথা জানায় আইওএম।

আইওএম আরও জানায়, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শরণার্থী ও অভিবাসীদের নিয়ে যাওয়া হচ্ছিল। ৫ ফেব্রুয়ারি নৌকাটি আল জাওইয়া থেকে যাত্রা শুরু করে। ছয় ঘণ্টা পর এটি ডুবে যায়।   

আইওএম বলছে, ২০২৫ সালে ভূমধ্যসাগরে ১৩০০’র বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। ২০২৬ সালে এ পর্যন্ত প্রায় ৫০০ মানুষ নিখোঁজ বা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।