ভারতের দিল্লির একটি মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক্সে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্ল্যাটফর্মের কাচের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। পরে বুঝতে পারেন যে, তাকে ভিডিও করা হচ্ছে এবং দ্রুত সেখান থেকে চলে যান তিনি।
ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ প্রতিদিন লক্ষাধিক যাত্রী দিল্লি মেট্রো ব্যবহার করেন। ভিড় ও অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ে অভিযোগ নতুন নয়, তবে এ ধরনের আচরণকে অনেকেই গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি ঠিক কোন তারিখে ধারণ করা হয়েছে বা কোন মেট্রো স্টেশনের ঘটনা, তা তারা নিশ্চিত করতে পারেনি। ভিডিওটি @gharkekalesh নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এবং অল্প সময়ের মধ্যেই এটি ৬০ হাজারের বেশি ভিউ পায়। পাশাপাশি শত শত লাইক ও মন্তব্য জমা পড়ে।
একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, তার সামনে একবার রাতের বেলায় এমন ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাধ্য না হলে তিনি মেট্রোতে যাতায়াত এড়িয়ে চলেন। অন্য একজন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, কেন এমন অস্বাস্থ্যকর আচরণ বারবার দেখা যায়, তা বোধগম্য নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন