ভারতের পাঞ্জাবে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। জলন্ধর মডেল টাউনে শিখ উপাসনালয়ের বাইরে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। তার মধ্যে পাঁচটি গুলি গাড়িতে থাকা এ রাজনীতিকের শরীরে লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এনডিটিভি লিখেছে, শুক্রবার সকালে ওবেরয় গুরুদুয়ারার বাইরে তার গাড়ি পার্ক করছিলেন। এ সময় দুই চাকার একটি যানে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুদুয়ারায় প্রার্থনা শেষে নিজের গাড়িতে ওঠার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে।
লাকি ওবেরয়ের স্ত্রী সিমারজিত কৌর আম আদমি পার্টির প্রার্থী হয়ে পৌরসভা নির্বাচনে অংশ নিলেও জিততে পারেননি। রাজ্যে ক্ষমতাসীন দলের এক নেতার এমন মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বিধানসভার বিরোদীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া।
তিনি বলেছেন, পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি ভেঙে পড়েছে, এ ঘটনা তারই সাক্ষ্য দিচ্ছে।
‘ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের জন্য আর কী-ই বা আশা থাকতে পারে?’ এক্সে এমনটাই লিখেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন