ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৫০ এএম
শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে সাড়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সমাবেশ ও যোগসাজশের’ অভিযোগে ছয় বছর এবং প্রপাগান্ডামূলক কার্যকলাপের অভিযোগে দেড় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের উত্তর-পূর্ব মাশহাদ শহরের একটি আদালত শনিবার এই রায় দেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উসকানিমূলক বক্তব্যের কারণে নার্গিসকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় বলে দেশটির সরকার জানায়। তার পরিবার জানায়, গ্রেপ্তারের সময় নার্গিসকে মারধর করা হয়েছিল- এ কারণে সেই সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ইরানে নারীদের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদি।  

গত ১৪ ডিসেম্বরের পর প্রথমবারের মতো নার্গিসের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী নিলি। তিনি বলেছেন, নার্গিসকে দুই বছরের জন্য দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে । এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় খুসফ অঞ্চলে তাকে দুই বছরের জন্য নির্বাসন দেওয়া হয়েছে। তাকে সহায়তাকারী নার্গিস ফাউন্ডেশন গত শনিবারের আদালতের শুনানিকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। গত ২ ফেব্রুয়ারি থেকে নার্গিস অনশন শুরু করেছেন বলে জানিয়েছে এই ফাউন্ডেশন। 

তিন দিন আগেও নার্গিসকে তার শারীরিক অবস্থার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান নিলি।