ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘তেলের দামের চেয়ে সামরিক অভিযান গুরুত্বপূর্ণ’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি- সংগৃহীত

ইরান-ইসরায়েলের সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতে বিশ্বের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের সামুদ্রিক পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে তেলের দামের চেয়ে সামরিক অভিযান অধিক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি এ নিয়ে একেবারেই চিন্তা করছি না। অভিযান শেষ হলে দাম দ্রুতই কমে যাবে। তাই গ্যাসের দাম যদি বাড়ে তো বাড়ুক। কারণ, এই সামরিক অভিযান তেলের দাম সামান্য বাড়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলেই বৈশ্বিক জ্বালানির বাজার আবার আগের অবস্থায় ফিরবে এবং শিগগিরই তা ঘটবে। ইরানে এখন কোন নৌবাহিনী নেই, তাদের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি খুব কাছ থেকে হরমুজ পর্যবেক্ষণ করছি।’

এদিকে ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প। যুদ্ধের শুরুতে খুব দ্রুত অভিযান শেষ করার কথা বললেও এখন তিনি জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ উচ্চ জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে গ্যাসের দাম আরও বাড়লে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা ট্রাম্পের দলের জন্য কঠিন হয়ে পড়বে। হোয়াইট হাউসেও এ নিয়ে বেশ অস্থিরতা চলছে।