সংযুক্ত আরব আমিরাত প্রশাসন ঘোষণা করেছে, চলতি বছর ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী খোলা মাঠ বা ঈদগাহয়ে জামায়েত করা এই বছর স্থগিত রাখা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি এবং নিরাপত্তার কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।
ইউএই-র ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক জেনারেল অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বছর ইদের নামাজ খোলা জায়গায় পড়া যাবে না, মসজিদেই অনুষ্ঠিত হবে। প্রশাসন তাদের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে।’
এছাড়া, ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও দুবাই ও শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণ যাতে নিরাপদে থাকতে পারে, এজন্য মসজিদের ভেতরে নামাজ সীমিত রাখা হয়েছে। এতে ভিড় নিয়ন্ত্রণও সহজ হবে।
প্রতিবছর ঈদের নামাজে হাজার হাজার মানুষ খোলা মাঠে একসঙ্গে অংশ নেন। কিন্তু এবার সেই ধরনের বৃহৎ জমায়েত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব মসজিদকে বিশেষ প্রস্তুত রাখা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও নিরাপদে নামাজ আদায় করতে পারেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি আমিরাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ঈদের নামাজ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন