ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

বাবার শেষবিদায়ের অনুষ্ঠানে যে কারণে থাকছেন না মোজতবা খামেনি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। সাত দিনব্যাপী এ আনুষ্ঠানিকতা চলবে। এদিকে, তার ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি বাবার শেষবিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতে নিযুক্ত তার প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধির দাবি, ইসরায়েলের পক্ষ থেকে মোজতবা আলী খামেনিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি শেষবিদায়ের অনুষ্ঠানে অংশ নেবেন না।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর প্রথম দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, আলী খামেনি নিহত হন। তাকে প্রথমে মার্চ মাসে দাফনের পরিকল্পনা করা হয়েছিল। তবে ইরানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির জানাজায় বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে, শেষবিদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যেকোনো ধরনের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করেছে ইরান। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদোল্লাহি।

তিনি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকারকে (ইসরায়েল), ভুল হিসাব–নিকাশ না করার জন্য সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে—এ বিষয়টি তাদের মনে রাখা উচিত।’