ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হঠাৎ আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:২০ পিএম
ছবি : সংগৃহীত

ইরান-আমেরিকা শান্তি আলোচনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে এরই মধ্যে নতুন করে আফগানিস্তানে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

গতকাল সোমবার আচমকা পাকিস্তানের বিমান হামলায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষের বসতবাড়ি কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ৮৫।

তালেবান প্রশাসনের দাবি, চীনের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হওয়ার পর এটাই পাকিস্তানের প্রথম বড় ধরনের হামলা। গত অক্টোবর থেকে দুই দেশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।

তালেবান মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, কুনার প্রদেশের আসাদাবাদে সাধারণ মানুষের বাড়িঘর এবং ‘সৈয়দ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে ‘ক্ষমাহীন অপরাধ’ বলে উল্লেখ করেছে আফগানিস্তান।

আহতদের মধ্যে বহু মহিলা, শিশু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দাবি, অন্তত ৩০ জন ছাত্র ও শিক্ষক এই হামলায় আহত হয়েছেন।

অন্যদিকে, পাকিস্তান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য, তালেবানের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। তাদের দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হয়নি।

উল্লেখ্য, তুরস্কসহ একাধিক দেশের উদ্যোগে ঈদের সময় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এর আগে কাবুলে পাকিস্তানের এক হামলায় ৪০০-র বেশি মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে।