পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটা-করাচি জাতীয় মহাসড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
শুক্রবার (১৭ জুলাই) খুজদার জেলার ওয়াধ শহরের দ্রাখালা বদরং এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ির মধ্যে অতিরিক্ত গতির কারণে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ চারজনের মৃত্যু হয় এবং আরও নয়জন আহত হন।
খুজদারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) দোস্ত মুহাম্মদ দাশতি জানান, নিহত ও আহতদের খুজদার জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন