মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য প্রস্তাবিত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি উপজেলার দরগ্রাম, সাটুরিয়া, বালিয়াটি ও তিল্লী ইউনিয়নের প্রস্তাবিত স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বেকারত্ব কমানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সারা দেশের মতো সাটুরিয়া উপজেলাতেও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দক্ষ হয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। কারিগরি শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দেশের বিভিন্ন এলাকায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন