ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার দারিদ্র্য ও বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত চট্টগ্রাম-৫ আসনের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম একদিন ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।
সেখানে বক্তব্যে তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর খুন, গুম, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে প্রশাসন ও বিচারব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের প্রত্যক্ষ ভোটে ২১৪টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। জনগণের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি এবং দারিদ্র্য দূর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন