× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:১৮ পিএম

পে-স্কেল গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তায় ২১ লাখ কর্মকর্তা-কর্মচারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ এখনো চূড়ান্ত করতে পারেনি এ-সংক্রান্ত উচ্চপর্যায়ের সচিব কমিটি। সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতির ঝুঁকি, ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল এবং প্রযুক্তিগত জটিলতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা নির্ধারণ করতে গিয়ে সময় লাগছে কমিটির। ফলে এখনো প্রকাশ হয়নি নতুন পে-স্কেলের গেজেট।

গেজেট প্রকাশ না হওয়ায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীর মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। আগস্ট নাকি অক্টোবর— কবে প্রজ্ঞাপন জারি হবে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল। সে অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই জাতীয় বেতন কমিশনের সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে পরবর্তী সময়ে দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর বর্তমান মূল বেতন কমিশনের সুপারিশের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে অর্ধেক বেতন কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুব বেশি হবে না। কিছু ক্ষেত্রে বেতন কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।

এ কারণে সরকারি চাকরিজীবীদের আপত্তির পর পরিকল্পনায় পরিবর্তনের চিন্তা করা হয়। তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। তবে সেই পরিকল্পনাও চূড়ান্ত হয়নি। বর্তমানে আবার তিন ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রথম ধাপে শুধু মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকরের প্রস্তাব থাকতে পারে।

গত ১৫ জুলাই সচিব কমিটির বৈঠকে বাস্তবায়নের প্রতিবন্ধকতা, সরকারের আর্থিক সক্ষমতা, সফটওয়্যার কাঠামো এবং প্রশাসনিক জটিলতা নিয়ে আলোচনা হয়েছে। কমিটি শিগগিরই সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রযুক্তিগত জটিলতাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি ও আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। কয়েক ধাপে বেতন কাঠামো পরিবর্তন করতে হলে সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নে আন্তরিক। তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বেতন বৃদ্ধি, ভাতা এবং সুযোগ-সুবিধার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই এখন সবার নজর কবে প্রকাশ হয় নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন।

Link copied!