বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান বাংলাদেশ শুটিং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, বাংলাদেশ শুটিং ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-সহ) এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে পরিষদের চেয়ারম্যানের আদেশে ফেডারেশনের পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, আদেশ জারির তারিখ থেকে নতুন অ্যাডহক কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৯ সদস্যের অ্যাডহক কমিটিতে পাঁচজন সহ-সভাপতি রয়েছেন। তাদের মধ্যে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন অন্যতম। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলার শুটিং ক্লাবের সাবেক ও বর্তমান সংগঠকদের কমিটির বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন