সাতক্ষীরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি খালে এ অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, খালে অবৈধভাবে নেট-পাটা বা বাঁধ দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এমন প্রতিবন্ধকতা তৈরি করেছেন, তারা স্বেচ্ছায় অপসারণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই পরিচ্ছন্নতা ও খাল রক্ষা অভিযান কোনো একদিনের কর্মসূচি নয়; এটি জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ। বর্ষা মৌসুমে কিছু ঘেরমালিক চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা স্থাপন করে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছেন। ফলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতে জেলার কোথাও খাল দখল কিংবা পানিপ্রবাহে অবৈধ বাধার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না; সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের প্রথম দিনেই খালের বিভিন্ন স্থানে বসানো অবৈধ নেট-পাটা, ঘেরের জাল অপসারণ এবং খালের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সব খালেই একই ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।
জেলা প্রশাসনের এ উদ্যোগে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন। ‘বিডি ক্লিন সাতক্ষীরা’, ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা’ এবং ‘সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবকেরা খাল পরিষ্কার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন