ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:০৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।

প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, মাদুরোর গ্রেপ্তার অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে পেত্রোর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। এ অভিযানের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।

এদিকে, শনিবার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে কলম্বিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পেত্রো কোকেন তৈরির কারখানা আছে। সে কোকেন তৈরি করছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।’

ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পের এই হুঁশিয়ারি লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় ‘আরও অনেক বড় হামলা’ চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় দ্বিতীয় দফায় হামলার প্রয়োজন নাও হতে পারে।