যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি খাদ্য ও সংগীত উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।
রোববার (স্থানীয় সময় ২৬ জুলাই) সিয়াটল সেন্টারে চলমান বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসবের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি সেবাকর্মীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার সময় উৎসবটি পুরোদমে চলছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
সিয়াটল পুলিশ জানিয়েছে, ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
এখন পর্যন্ত আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এছাড়া হামলার সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে পুলিশকে একজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেলেও, ওই ব্যক্তি হামলার সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সিয়াটলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র স্পেস নিডলের কাছাকাছি অবস্থিত সিয়াটল সেন্টারে সপ্তাহব্যাপী ‘বাইট অব সিয়াটল’ উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। এ আয়োজনে বিপুলসংখ্যক স্থানীয় খাবারের স্টল এবং সংগীত পরিবেশনা ছিল।
হামলার পেছনের কারণ এবং হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন