তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন হিট স্ট্রোকসহ গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নওগাঁর বদলগাছীতে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভান্ডারপুর মোড় এলাকায় কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে শ্রমজীবী, রিকশাচালক, ভ্যানচালক ও দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু জানান, চলমান তাপপ্রবাহে মানুষের শরীরে পানিশূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের গরমে করণীয় বিষয়ে পরামর্শও দেওয়া হয়।
এ সময় এক ভ্যানচালক ফেরদৌস বলেন, প্রচ- গরমে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এমন সময়ে খাবার স্যালাইন ও পানি পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। এক যাত্রী রিমন বলেন, ‘এত গরমে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এক বোতল পানি ও স্যালাইন আমাদের সাময়িক স্বস্তি দিয়েছে।’ আয়োজকরা জানান, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, ‘বর্তমান তীব্র দাবদাহে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। বাইরে কাজ করা ব্যক্তিদের পর্যাপ্ত পানি পান করতে হবে। স্যালাইন একটি ওষুধ, তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত সেবন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রতি দুই ঘণ্টা পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া জরুরি।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন