নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পর্শি এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পর্শি ও গোয়ালপাড়া এলাকায় কোনো খেলার মাঠ নেই। ফলে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাঠের অভাবে তরুণ প্রজন্ম মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বক্তারা আরও জানান, পর্শি এলাকায় সরকারের বেশ কিছু পরিত্যক্ত জমি রয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় অংশ বরাদ্দ দিয়ে দ্রুত একটি খেলার মাঠ নির্মাণ করা হলে অবক্ষয় থেকে রক্ষা পাবে নতুন প্রজন্ম। তারা জমি বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন