রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে গাড়িবোমা হামলায় দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বালাশিকা শহরে নিজ বাড়ির কাছে এই হামলার শিকার হন ৫৭ বছর বয়সি কর্নেল দামির দাভিদভ। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক বাহিনীর গোলন্দাজ ও ক্ষেপণাস্ত্র গোলাবারুদ সরবরাহ অধিদপ্তরের প্রধান দাভিদভের ব্যক্তিগত গাড়ির নিচে পেতে রাখা বিস্ফোরক ভোর সাড়ে পাঁচটার দিকে বিস্ফোরিত হয়। নিরাপত্তা ক্যামেরার দৃশ্যে দেখা যায়, বিস্ফোরণের পর গাড়িটি আগুনে পুড়ে পাশের একটি গাড়ির ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বিষয়টি জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছে ক্রেমলিন।
এদিকে অবসরপ্রাপ্ত রুশ জেনারেল ও আইনপ্রণেতা ভøাদিমির শামানভ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেন এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনে নির্মিত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার চেবোকসারি শহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, ওই স্থাপনা থেকে রুশ বাহিনীর জন্য দূরনিয়ন্ত্রিত উড়ন্ত যন্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করা হতো। ক্রমবর্ধমান পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও জটিল ও বিস্তৃত আকার ধারণ করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন