২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। বাজেটে জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেটের উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা। পাশাপাশি ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য ট্রেনে বিনা মূল্যে ভ্রমণের সুবিধা চালুর প্রস্তাব রাখা হয়েছে।
স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক কর্মকা- বাড়াতে পূর্বাচলে ১৬০ একর জমিতে একটি ‘ক্রিয়েটিভ অর্থনৈতিক হাব’ গড়ে তোলার ঘোষণা এসেছে বাজেটে। রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজও রাখা হয়েছে।
কৃষি খাতে আগামী অর্থবছরে সাড়ে ৪২ লাখ কৃষক কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন করা হলে কর্মসংস্থান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন