নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল মান্নান (৫০) ও তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)।
দগ্ধ ও তাদের স্বজনরা জানান, মদনপুরের একটি একতলা বাড়িতে ভাড়া থাকতেন ওই পরিবারের সদস্যরা। বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ থাকায় ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই বৃহস্পতিবার সকালে সেটি মেরামত করেন। পরে তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে মান্নান-সুলতানা দম্পতি, তাদের দুই সন্তান সিয়াম ও মিমি এবং পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়। উদ্ধার করে তাদের দ্রুত ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএম) ডা. শাওন বিন রহমান বিষযটি নিশ্চিত করেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের মদনপুর থেকে আগুনের ঘটনায় একই পরিবারসহ ৪ জনসহ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের ৯০ শতাংশ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ, আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৪ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া হযরত আলী নামে অন্য পরিবারের সদস্য এক শিশুর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন