আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। প্রতি বছর বাজেট ঘোষণার পরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা যায়। পণ্যের মজুতদারদের দাম বাড়ার প্রবণতায় অস্থির হয়ে ওঠেন ভোক্তারা। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছেন না বিক্রেতারা।
ঢাকার বাজারে আগের মতো দামেই বিক্রি হচ্ছে সব ধরনের পণ্য। বিক্রেতাদের মধ্যে বিগত বছরগুলোর মতো দাম বাড়ানোর প্রতিযোগিতা দেখা যায়নি। তবে নতুন বাজেটে নিত্যপণ্যের দাম কমার আশ্বাস দিয়েছে সরকার। সরকারের ঘোষণার পরও রাজধানীর বাজারে এর প্রতিফলন দেখা যায়নি। ঢাকায় সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও সাপ্তাহিক বাজার বিশ্লেষণে ডাল, ছোলা ও মুরগির দাম সামান্য বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।
ছুটির দিনে গতকাল ঢাকার কারওয়ান বাজারে বাজার করতে আসা চাকরিজীবী রফিক রহমান বলেন, সবজির দাম কিছুটা কম। ডাল ও মুরগির দাম কিছুটা বেড়েছে। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে, ফলে কাক্সিক্ষত স্বস্তি মিলছে না।
বাজারে বর্তমানে বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে শসার দাম তুলনামূলক বেশি, প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া বেগুন ৬০ থেকে ৭০ টাকা, লাউ ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা এবং ঝিঙা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির খুচরা বিক্রেতা আনোয়ার মুন্সি বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে নিয়মিত সবজি আসছে বলে দাম বাড়েনি। তবে সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে আবারও দাম বাড়তে পারে।
অন্যদিকে ডালের বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে। মোটা দানার মুগ ডাল প্রতি কেজি ১০৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৯০ টাকা। চিকন দানার মুগ ডালের দাম বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকায় উঠেছে, যা আগে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।
ছোলার দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ছোলা ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগে ৫ থেকে ১০ টাকা কম ছিল। মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, আগে ছিল ৮০ থেকে ৮৫ টাকা। চিকন দানার মসুর ডালের দামও বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে।
অন্যান্য নিত্যপণ্যের মধ্যে খোলা চিনির দাম বেড়ে প্রতি কেজি ১১০ টাকা হয়েছে, যা আগে ছিল ১০৫ টাকা। তবে মুরগির বাজারে দেখা গেছে মূল্যবৃদ্ধির প্রভাব। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতো প্রতি কেজি ১৬০ টাকায় স্থির থাকলেও সোনালি মুরগির দাম ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকায় পৌঁছেছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন