জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। গতকাল রোববার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে তাদের সাক্ষাৎ হয় বলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে শফিকুর রহমান ও নিকোলাস উইকস বাংলাদেশে নির্বাচন-পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকার কথা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও আলোচিত অধ্যাদেশগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হওয়ার তথ্য দিয়ে জামায়াত বলেছে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুইপক্ষ মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন, সেকেন্ড সেক্রেটারি এবং বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন