কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন। দেশটির সানাইয়া এলাকায় গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল ওই পাঁচজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচজন নিহত হয়েছেন, এ তথ্য পেয়েছি। তাদের নাম, পরিচয় এখনো জানা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কানাইঘাটের গাছবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই এলাকার পাঁচ প্রবাসীর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয়।
কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, নিহতদের বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, কাতারে নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
প্রতিমন্ত্রী নুরুল হকের শোক প্রকাশ : কাতারে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
নুরুল হক আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা প্রদান করেছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন