চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এক যুবকের হেঁটে হেঁটে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ৩৭ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক পিস্তল বের করে কারখানার দিকে গুলি ছুড়ছেন এবং পরে সড়ক ধরে হাঁটতে হাঁটতে আবারও গুলি করছেন। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যান। কিছুক্ষণ পর গোলাপি টি-শার্ট পরা ওই যুবক কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন এবং পরে একইভাবে গুলি করতে করতে সামনে এগিয়ে যান।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং একটি পক্ষ থেকে গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় বক্তব্য জানতে যুবদল নেতাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পুলিশও তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করতে চায়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, গত শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপপুলিশ কমিশনার হাসান মোস্তাফা স্বপন বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। গতকালের ঘটনায় চান্দগাঁও বেসিক শিল্প এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন