সুন্দরবনের বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনায় বাহিনীপ্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক ডাকাত নিহত হন। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত ডাকাত শওকত সরদার (৫৫) খুলনার কয়রা থানার বাসিন্দা। আটক ডাকাত রবিউল ইসলাম (৫০) খুলনার কয়রা থানার এবং ইসরাফিল হাওলাদার (২৬) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহিনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল ৫টা থেকে টানা দুই দিন বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দস্যুদের বহনকারী দুটি নৌকা শনাক্ত করে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলে তারা তা অমান্য করে সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদের একটি নৌকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে এবং অপরটি ডুবে যায়। এ সময় কোস্ট গার্ডের পক্ষ থেকে ১ রাউন্ড ব্ল্যাংক কার্টিজ ও ২১৬ রাউন্ড গুলি ছোড়া হয়।
বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৫০) ও সদস্য শওকত সরদারকে (৫৫) আটক করা হয়। পরে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় স্থানীয়দের সহায়তায় পরিচালিত অভিযানে ইসরাফিল হাওলাদারকে (২৬) হাতে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্টিজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন