যশোরে মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় সেলিম রেজা (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাশিমপুর এলাকার আহার পল্লী রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমপুর এলাকায় সড়কের পাশে থাকা একটি আলমসাধুর বস্তার সঙ্গে ধাক্কা লেগে সেলিম রেজা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় একটি পিকআপের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন