গাজীপুরের কালিয়াকৈরে হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সৌরভ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচটি মোটরসাইকেলে করে প্রায় ১০ জনের একটি দল ওই হোটেলে আসে। তাদের ডাকাত দল সন্দেহ করে স্থানীয়রা বাধা দিলে পালানোর চেষ্টার সময় সৌরভকে ধরে গণপিটুনি দেওয়া হয়। বাকিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার ও দুটি মোটরসাইকেল জব্দ করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক সৌরভের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন