২০২৬ ফিফা বিশ^কাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হার দিয়ে শেষ হয়েছে লিওনেল মেসির আরেকটি স্মরণীয় বিশ^কাপ অভিযান। এখন ফুটবলপ্রেমীদের প্রশ্নÑ আবার কবে ইন্টার মিয়ামির জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ককে?
বিশ^কাপের কারণে দীর্ঘ সময় ক্লাব ফুটবলের বাইরে ছিলেন মেসি। এ দিকে মেজর লিগ সকার (এমএলএস) এরই মধ্যেই নতুন সূচি অনুযায়ী পুনরায় শুরু হয়েছে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই মাঠে ফিরছেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
ইন্টার মিয়ামির হয়ে আগামী কয়েকটি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। ফলে বুধবার শিকাগো ফায়ার এবং শনিবার সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে না। বিশ্বকাপের মতো দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফা এবং আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠনের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী অন্তত ২১ দিনের বাধ্যতামূলক বিরতির সুযোগ রয়েছে। সেই হিসাব অনুযায়ী, পূর্ণ বিশ্রাম নিলে আগামী ১২ আগস্ট লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে মাঠে ফিরতে পারেন মেসি। অবশ্য তার ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে শারীরিক অবস্থা এবং ক্লাবের মেডিকেল স্টাফদের মূল্যায়নের ওপর।
মাঠের বাইরে ব্যক্তিগত কারণও রয়েছে। বিশ^কাপ চলাকালে মেসির বাবা হোর্হে মেসির শারীরিক অসুস্থতার খবর সামনে আসে। ফাইনাল শেষে পরিবারকে সময় দিতে এবং বাবার পাশে থাকতে দ্রুত আর্জেন্টিনায় ফিরেছেন তিনি। ফলে ছুটির এই সময়টা পারিবারিক দায়িত্ব পালনের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বকাপের ফাইনাল হারলেও টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। পুরো আসরে ৮ গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট, আর মেসির হাতে উঠেছে সিলভার বুট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন