বয়স মাত্র ৯ বছর। অন্য শিশুদের মতো খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকার কথা ছিল তার। কিন্তু জন্মগত হৃদরোগ তাকে আটকে দিয়েছে অসুস্থতার বেড়াজালে। দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবুল্লাহ শেখ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসা করানো সম্ভব হলে সুস্থ জীবনে ফিরতে পারে শিশুটি। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহর বাবা আবদুল হালীম শেখ নিজেও দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার শরীরের বিভিন্ন স্থানে টিউমার রয়েছে। অসুস্থতার কারণে তিনি নিয়মিত কোনো কাজ করতে পারেন না। পরিবারের নিজস্ব কোনো বসতভিটাও নেই। বাধ্য হয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বর্তমানে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন তিনি। হাবিবুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। দীর্ঘদিন ধরে তার হৃদরোগের চিকিৎসা চলছে। তবে অর্থাভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো সম্ভব হচ্ছে না। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় মাঝেমধ্যে চিকিৎসা চললেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি পরিবার। বর্তমানে শারীরিক দুর্বলতার কারণে স্বাভাবিক জীবনযাপনেও সমস্যায় পড়ছে হাবিবুল্লাহ। অসুস্থতার কারণে খেলাধুলা ও নিয়মিত লেখাপড়াতেও ব্যাঘাত ঘটছে।
হাবিবুল্লাহর মা বলেন, ‘আমার ছেলে ও স্বামী দুজনেই অসুস্থ। স্বামী কাজ করতে পারেন না। সংসার চালানোই কঠিন হয়ে গেছে। ছেলের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, যা আমাদের পক্ষে সম্ভব নয়। সবাই যদি সহযোগিতা করেন, তাহলে আমার সন্তান সুস্থ হয়ে উঠতে পারে।’
হাবিবুল্লাহর বাবা আবদুল হালীম শেখ বলেন, ‘আমি নিজেও অসুস্থ। শরীরের বিভিন্ন স্থানে টিউমার থাকায় ঠিকমতো কাজ করতে পারি না। ছেলের চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। মানুষের সহযোগিতা ছাড়া ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন।’ স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুল্লাহর পরিবার অত্যন্ত অসহায়। প্রতিবেশীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তারা সমাজের হৃদয়বান মানুষদের শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। হাবিবুল্লাহর চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন : ০১৯৪৫-৮৮৩১২৪।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন