বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক সংগঠন ‘প্রগতি সংঘ’-এর উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার সহযোগিতায় দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রগতি সংঘের কার্যালয়ে এই চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ইউএনও শাহরুখ খান। এ সময় প্রগতি সংঘের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ক্যাম্পে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সাধারণ রোগীদের বিনা মূল্যে চোখের নানা সমস্যার পরামর্শ, চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। এ ছাড়া ছানিপড়া রোগীদের চিহ্নিত করে তাদের বিনা মূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। গ্রামের দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের সুবিধার্থে আয়োজিত এই শিবিরে স্থানীয়দের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন