পানি প্রবাহের জন্য নির্মিত কালভার্টের মুখ অবৈধভাবে ভরাট করায় বর্ষাকালে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হয়ে আসছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এতে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ প্রায় ৩০০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও দেখে তাৎক্ষণিক নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানী। পরে তার নির্দেশেই কালভার্টের মুখ উন্মুক্ত করে পানি প্রবাহের স্বাভাবিক ব্যবস্থা করে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এর মাধ্যমে অবসান ঘটে দীর্ঘদিনের ভোগান্তির।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাসির সড়কে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল, যার মাধ্যমে পানি সরাসরি নদীতে প্রবাহিত হতো। কিন্তু প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে কালভার্টের মুখ মাটি ও বালু দিয়ে ভরাট করে ফেলেন। এরপর থেকেই পানি নিষ্কাশন বন্ধ হয়ে বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতো।
স্থানীয় বাসিন্দা বাঁকা খাঁ বলেন, গত তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ কালভার্টের মুখ বন্ধ করে দেয়। এর পর থেকেই প্রতিবার বর্ষাকাল এলে আমাদের চরম জলাবদ্ধতার মধ্যে দিন কাটাতে হতো।
আরেক বাসিন্দা রুনা আক্তার জানান, দীর্ঘদিন বাড়ির চারপাশে পানি আটকে থাকায় ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারত না এবং যাতায়াতের সময় বইখাতা নষ্ট হয়ে যেত। কালভার্টের মুখ খুলে দেওয়ায় এলাকাবাসী দারুণ উপকৃত হয়েছেন বলে জানান তিনি।
স্কুলছাত্রী নূরজাহান বলে, আমাদের বাড়ির সামনে পানি জমে থাকায় আমরা নিয়মিত স্কুলে যেতে পারতাম না। এ ছাড়া জমে থাকা পানির কারণে ঘরে বিভিন্ন পোকামাকড় ঢুকে পড়ত। এখন পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় আমরা স্বস্তিতে নিয়মিত স্কুলে যেতে পারব।
উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার ফেসবুকে জলাবদ্ধতার একটি ভিডিও দেখে আমাদের সম্মানিত সংসদ সদস্য সাহেব কালভার্টের মুখ খুলে দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী গতকাল দিনব্যাপী কাজ করে পানি প্রবাহের পথ তৈরি করে দেওয়া হয়েছে।
কালভার্টের মুখ উন্মুক্তকরণে কার্যক্রমে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন