গাজীপুর মহানগর আদালত পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া ৩২টি মামলার শীর্ষ আসামি মো. সম্রাট ম-লকে (২৮) ২৪ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব -১ ও র্যাব -১৪-এর যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
এর আগে সোমবার দুপুরে গাজীপুর মহানগর আদালত পুলিশের গারদখানার রিসিভ ডেস্কে অন্যান্য আসামিদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় হাতকড়া থেকে হাত গলিয়ে পালিয়ে যান সম্রাট। জনবহুল আদালত প্রাঙ্গণ থেকে চাঞ্চল্যকর এই পলায়নের ঘটনায় আদালত পুলিশের এসআই মঞ্জরুল ইসলাম বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত সম্রাট ম-ল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের দুলাল ম-লের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের গাছা এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৩২টি গুরুতর মামলা রয়েছে। এর আগে ১৯ জুলাই একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছিল র্যাব । পরে আদালতে হাজির করার পর পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যান।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, পলাতক আসামির অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযানের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন