নড়াইল সদরে পাঁচ বছর বয়সি জান্নাতুল নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল ইসলাম রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল ইসলাম রবি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে। স্বজনরা অভিযোগ করেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান তিনি। রবিউল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর সোমবার রাতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে আটককৃত রবিউল পুলিশ হেফাজতে রয়েছেন।
সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আটককৃত রবিউলকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন