ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত শনিবার উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ায় অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটররা। অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা দাতব্য সংস্থার আড়ালে অর্থ সংগ্রহ করে তা হামাস-সম্পর্কিত সংগঠনে পাঠাচ্ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হামাসের জন্য গত দুই বছরে মানবিক সহায়তার নামে প্রায় ৭ মিলিয়ন ইউরো অর্থ স্থানান্তর করা হয়েছে বলে দাবি প্রসিকিউশনের। অভিযানের সময় ৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের সম্পদও জব্দ করা হয়েছে।
সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্তের পর তদন্ত শুরু হয় এবং পরে ইউরোপীয় বিচার সংস্থা ইউরোজাস্টের মাধ্যমে নেদারল্যান্ডসসহ একাধিক ইউরোপীয় দেশের সঙ্গে সমন্বয় করে অভিযান বিস্তৃত করা হয়। ইতালির প্রধানমন্ত্রী জিওর্গিয়া মেলোনি অভিযানটির প্রশংসা করে বলেন, তথাকথিত দাতব্য সংস্থার আড়ালে সন্ত্রাসী অর্থায়নের নেটওয়ার্ক উন্মোচনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন তৎপরতার অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সোমবার তিনি ফ্লোরিডার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন