গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পরিকল্পনার পরবর্তী ধাপে খুব শিগগিরই অগ্রসর হওয়া সম্ভব বলে তিনি আশাবাদী। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হামাস নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে। ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাতের মধ্যেও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। তাঁর ভাষায়, ‘ইসরায়েল যা করছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই।’ তিনি বলেন, চুক্তি অনুযায়ী হামাসকে স্বল্প সময়ের মধ্যেই অস্ত্র সমর্পণ করতে হবে এবং তা বাস্তবায়িত হলে গাজায় পুনর্গঠন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি টেকনোক্র্যাটিক প্রশাসন গঠনের কথা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারে দেরি করতে পারে ইসরায়েল।
হামাস জানিয়েছে, পূর্ণ নিরস্ত্রীকরণ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি অভিযানে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েল বলছে, তারা কেবল যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই হামলা চালাচ্ছে।
বৈঠকে ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যু, বিশেষ করে ইরান, সিরিয়া ও লেবানন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন