সৌদি আরবে সাড়ে পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের পার্লামেন্টে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি দেশের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনায় তিনি জানান, সৌদি আরব কর্তৃপক্ষ আটক ভিক্ষুকদের বিষয়ে পাকিস্তানের কাছে জবাব চেয়েছে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতও। মন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্রগুলো যখন পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ তোলে, তখন দেশের জন্য তা মর্যাদাহানিকর হয়ে ওঠে। তিনি ইঙ্গিত দেন, সংগঠিত চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক পাকিস্তানি কর্মরত রয়েছেন। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। কিন্তু ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকা-ে কিছু মানুষের জড়িয়ে পড়া আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণœ করছে।
এদিকে সরকার অবৈধ অভিবাসন রোধ এবং বিদেশে দেশের সুনাম রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক সংকট এবং অভিবাসনসংক্রান্ত চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণের কথাও উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, বিদেশে পাকিস্তানি নাগরিকদের এমন কর্মকা- শুধু সামাজিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও নতুন অস্বস্তির কারণ হয়ে উঠছে।

