ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট রেটিংস ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ১২তম স্থান অর্জন করেছে। গত বছরের ১০০১-১৫০০ বৈশ্বিক র্যাংকিং ব্যান্ড থেকে উন্নীত হয়ে ইউল্যাব এবার ৮০১-১০০০ বৈশ্বিক র্যাংকিং ব্যান্ডে স্থান পেয়েছে। টেকসই উন্নয়নভিত্তিক শিক্ষা, গবেষণা ও সামাজিক সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে। গত ২৪ জুন প্রকাশিত এই রেটিংসে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। এ বছর বাংলাদেশ থেকে ২২টি বিশ্ববিদ্যালয় এই রেটিংসে স্থান পেয়েছে। বিভিন্ন এসডিজি সূচকে ইউল্যাব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসডিজি ১১ (সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ)-এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং বৈশ্বিকভাবে ৪০১-৬০০ ব্যান্ডে অবস্থান করেছে। এ ছাড়া এসডিজি ১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস) এবং এসডিজি ৪ (কোয়ালিটি এডুকেশন)-এ ইউল্যাব দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। উভয় ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে রয়েছে। এসডিজি ৮-এ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ) ইউল্যাব দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান করেছে।
এসডিজি ৫-এ (জেন্ডার ইকুয়ালিটি) সপ্তম স্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিকভাবে ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে। অন্যদিকে, এসডিজি ১-এ (নো পোভার্টি) বিশ্ববিদ্যালয়টি ১১তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ অর্জন টেকসই উন্নয়নের প্রতি ইউল্যাবের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্যাম্পাস পরিচালনা এবং সামাজিক সম্পৃক্ততার বিভিন্ন উদ্যোগে টেকসই উন্নয়নের বিষয়গুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার ফলেই এ সাফল্য এসেছে। বিজ্ঞপ্তি।

