ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামেনি হামলা, বাড়ছে প্রাণহানি

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:০০ এএম

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা থামছে না। নতুন করে চালানো হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে যুদ্ধবিরতির কার্যকারিতা এবং গাজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিলেন। তাই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আশ্রয়কেন্দ্রের পাশে ড্রোন হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত এবং অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। ওই বিদ্যালয়ে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো গাজায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করারই অংশ। একই সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হামলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে দীর্ঘদিনের সংঘাতে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘের হিসাব বলছে, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পুরো উপত্যকা পুনর্গঠনে প্রয়োজন হতে পারে বিপুল অর্থ, আর সেই সঙ্গে দীর্ঘ সময় ও আন্তর্জাতিক সহযোগিতা।