পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই ভারতের সহায়তা চেয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় গণআন্দোলনের নেতা সর্দার আমন খান। তার অভিযোগ, আন্দোলন দমাতে ইসলামাবাদ রেশন, প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ সরবরাহ সীমিত করে দিয়েছে, ফলে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন। সম্প্রতি এক জনসমাবেশে তিনি বলেন, পরিস্থিতির আরও অবনতি হলে নিয়ন্ত্রণ রেখা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রবেশের সুযোগ রাখা উচিত। একই সঙ্গে তিনি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তার এই বক্তব্যের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কঠোর অবস্থান এবং দমন-পীড়নের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তাদের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসনের হাতে কার্যকর ক্ষমতা নেই; সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামাবাদ থেকেই নেওয়া হয়। এর আগে গত মাসে স্থানীয় গণআন্দোলন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। এরপর থেকেই বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক শক্তিকে দুর্বল করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে মানবিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন