ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

নিহত বেড়ে ১৭, ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব 

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:০৯ এএম

চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো, প্রবল ঝড় ও বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। দুর্যোগে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। এ অবস্থায় পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। প্রবল বাতাসে ভারী যানবাহন পর্যন্ত উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের গুয়াংসি প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সেখানে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় পূর্ব উপকূলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আগেই এই ঘূর্ণিঝড় প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে চীনে টর্নেডো, বন্যা ও চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় আরও ঘন ঘন এবং তীব্র আকারে দেখা দিচ্ছে।