টানা ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার নদ-নদী ও পাহাড়ি ছড়াগুলোতে পানি বাড়তে শুরু করেছে। জেলার সাত উপজেলার বিভিন্ন নদী ও ছড়ায় পানি বাড়লেও এখনো কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বেড়েছে। নি¤œাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত মৌলভীবাজারে ১০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভারি বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বেড়েছে। মনু ও ধলাই নদীর কয়েকটি প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উজানে ভারতের পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হলে জেলার নদ-নদী ও পাহাড়ি ছড়ার পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গত ৩০ ঘণ্টায় মৌলভীবাজারে ১০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ও আগামীকাল ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই; বৃষ্টি কমলে নদীর পানিও কমে যাবে।

